সরকার ফ্যাসিবাদী আ.লীগের পথেই হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান।

তিনি বলেন, হাসিনা তাঁড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ তাঁড়াবে। আপনাদের জনগণ ছেড়ে কথা বলবে না।

শনিবার (২৫ জুলাই) বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

ডা.শফিকুর রহমান বলেন, আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, আজ যারা সরকারে আছেন। তারা আজ ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা মানবো না। আমরা কিছুতেই মানবো না।

তিনি বলেন, জনগন পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায়কে আমরা অপমান করতে দেবো না। গণভোটের রায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রাপ্তে পৌঁছাবে। বাংলাদেশে আমরা আর কোন ফ্যাসিবাদ চাই না। হাসিনা তাঁড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগন তাড়াবে। আপনাদের জনগন ছেড়ে কথা বলবে না।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে ডা.শফিকুর আরও বলেন, ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করবো না। জুলাইযোদ্ধাদের সাথে বেঈমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করবো না। জীবন দিয়ে লড়াই করে হলেও আমরা কথা রাখবো।

সিলেটবাসীকে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে লড়াইয়ের জন্য ডাক আসবে। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।

সিলেটের বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গ তুলে জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের বহু ন্যায্য দাবি বছরের পর বছর ধরে ঝুলে আছে। সিলেট ওসমানী বিমানবন্দরকে এখনও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হয়নি। এটি দ্রুত পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানন্দরে রূপান্তর করুন। সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সিলেট মেডকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আপনাদের এসব দাবি পূরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *