ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সমালোচকদের এবার কড়া জবাব দিয়েছেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি।
তার সাফ কথা, যারা নিজেরাই ক্রিকেটে কিছু অর্জন করতে পারেননি, তাদের সমালোচনায় তিনি বিচলিত নন। তবে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের মতো কেউ সমালোচনা করলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তিনি।
লন্ডন থেকে জিও নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মহসিন নাকভি জানান, ইংল্যান্ড সফরে সিরিজের মাঝপথে নেওয়া পরিবর্তনগুলো জরুরি ছিল। দলের পারফরম্যান্সের পাশাপাশি আরও কিছু বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। তবে ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে এখনই কথা বলতে চান না পিসিবি চেয়ারম্যান।
নাকভির বলেন, ‘সমালোচনাকে আমি কখনো ভয় পাইনি, ভবিষ্যতেও পাব না। কিন্তু যারা নিজেরা কিছুই অর্জন করতে পারেনি, তাদের সমালোচনায় আমার কিছু যায় আসে না।’
যদিও কারও নাম উল্লেখ করেননি নাকভি। তবে সাম্প্রতিক সময়ে তার বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সাবেক ক্রিকেটারদের তীব্র সমালোচনার প্রেক্ষাপটেই এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে এবং দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় টেস্টের আগে দল থেকে সাত খেলোয়াড়কে ছেড়ে দেয় পিসিবি। একই সঙ্গে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং কোচ উমর গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি টেস্ট দলে টি-টোয়েন্টির খেলোয়াড় নেওয়া এবং মাত্র পাঁচ টেস্টের পর প্রধান কোচ সরফরাজকে সরিয়ে দেওয়াকে বলেছেন ‘সবচেয়ে বিস্ময়কর’ সিদ্ধান্ত।
সাবেক অধিনায়ক রমিজ রাজা পিসিবির এই পদক্ষেপকে তুলনা করেছেন ‘প্যানিক বাটন’ চাপার সঙ্গে। আর পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারের ভাষায়, পিসিবির সিদ্ধান্ত ‘একেবারেই হাস্যকর’। সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমও পাকিস্তান ক্রিকেটের বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করেছেন ‘সার্কাস’ হিসেবে।
তবে সমালোচকদের সবাইকে এক কাতারে দেখছেন না মহসিন নাকভি। ওয়াসিম আকরামের মতো ক্রিকেটের বড় কোনো নাম সমালোচনা করলে তা গুরুত্ব দিয়ে নেবেন বলে জানিয়েছেন তিনি। নাকভি বলেন, ‘ওয়াসিম আকরামের মতো বড় কেউ কিছু বললে আমি অবশ্যই তা গুরুত্ব দিয়ে দেখব।’
তবে যারা অভিযোগ করছেন, তিনি পাকিস্তান ক্রিকেটকে যথেষ্ট সময় দিচ্ছেন না। তাদের বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা নেই বলেও মন্তব্য করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করা অনেকের আসল সমস্যা ক্রিকেট নয়, বরং তাকে ঘিরে।
নাকভির ভাষায়, ‘যারা পাকিস্তান ক্রিকেট নিয়ে উদ্বেগ দেখায়, তাদের আসলে ক্রিকেট নিয়ে কোনো উদ্বেগ নেই। তাদের সমস্যা আমাকে নিয়ে।’ তিনি আরও যোগ করে বলেন, ‘আমার আসার পর থেকে যারা বলে ক্রিকেট ধ্বংস হয়ে গেছে, তারা আগে র্যাঙ্কিং কোথায় ছিল, সেটাও দেখুক।’