সন্তানকে আছাড় মেরে হত্যা, বাবাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর উত্তরার সিরাজ মার্কেটে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। 

এ বিষয়ে ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, গত বুধবার সন্ধ্যায় সাত মাস বয়সি রাফা মনি কবিতাকে আছাড় মারেন বাবা কবির ইসলাম। এরপর সাধারণ জনতা তাকে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তুরাগ থানা পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

গত শুক্রবার রাফা মনিকে আছাড় দিয়ে হত্যার ঘটনায় তুরাগ থানায় কবিরকে আসামি করে মামলা করেন শিশুটির নানি সারমীন আক্তার। এই মামলায় গত শনিবার মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মেহেদী হাসান ফয়সাল গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এজাহার থেকে জানা গেছে, দুই বছর আগে কবিরের সঙ্গে লিমা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে রাফা মনি জন্মগ্রহণ করে। কবির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কবির মাদক সেবন করে প্রায়ই লিমাকে মারধর ও গালিগালাজ করতেন। বাবা অসুস্থ হওয়ায় মেয়েকে নিয়ে বুধবার বাবাকে দেখতে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান লিমা। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবিরের সঙ্গে লিমার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। কবির ক্ষিপ্ত হয়ে রাফা মনিকে তার নানির কোল থেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপর উঠিয়ে রাস্তায় আছাড় মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *