শেষ ৩২-এর দৌড়ে কারা এগিয়ে, কারা পিছিয়ে?

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বে সব দলের দুটি করে ম্যাচ শেষ। এখন আর শুধু মাঠের লড়াই নয়, শুরু হয়েছে পয়েন্ট, গোল ব্যবধান আর সমীকরণের হিসাব। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টে কেউ ইতোমধ্যে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে, কেউ আবার টানা দুই হারে বিদায়ের পথেই হাঁটছে। তবে অধিকাংশ দলের সামনে এখনো খোলা আছে পরের পর্বে যাওয়ার দরজা।

দুই ম্যাচ শেষে দেখা যাচ্ছে, বড় দলগুলোর কেউ কেউ প্রত্যাশামতো এগিয়ে আছে, আবার কিছু গ্রুপে চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ ম্যাচের ফলই ঠিক করবে কার বিশ্বকাপ এগোবে, আর কার থেমে যাবে।

গ্রুপ ‘এ’: মেক্সিকোর দাপট, দক্ষিণ কোরিয়ার লড়াই

গ্রুপে সবচেয়ে শক্ত অবস্থানে আছে মেক্সিকো। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে তারাই সবার আগে শেষ ৩২ নিশ্চিত করেছে। তাদের পেছনে দক্ষিণ কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার সংগ্রহ সমান ১ পয়েন্ট। তবে ফেয়ার প্লে সুবিধায় আপাতত তৃতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র। শেষ ম্যাচে ছোট ছোট ব্যবধানই বদলে দিতে পারে পুরো চিত্র।

গ্রুপ ‘বি’: কানাডা-সুইজারল্যান্ডের জমজমাট লড়াই

এই গ্রুপে এখনো কোনো দল একক আধিপত্য দেখাতে পারেনি। কানাডা ও সুইজারল্যান্ড-দুই দলেরই পয়েন্ট ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কানাডা। নিচের সারির বসনিয়া ও কাতারের সংগ্রহ ১ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে বসনিয়া রয়েছে তৃতীয় স্থানে। শেষ ম্যাচে এই গ্রুপে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

গ্রুপ ‘সি’: ব্রাজিল-মরক্কোর পাশাপাশি স্কটল্যান্ডের আশা

ব্রাজিল ও মরক্কো দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। মরক্কো দ্বিতীয় স্থানে। এক জয় পাওয়া স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে এখনো লড়াইয়ে আছে। তবে হাইতির বিশ্বকাপ অভিযান ইতোমধ্যে শেষ হয়ে গেছে।

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্রের শতভাগ সাফল্য

গ্রুপে এখন পর্যন্ত সবচেয়ে নির্ভার দল যুক্তরাষ্ট্র। দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টসহ শেষ ৩২ নিশ্চিত করেছে তারা। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে তিন পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে তুরস্ক টানা দুই ম্যাচ হারায় বিদায় নিশ্চিত করেছে।

গ্রুপ ‘ই’: দুই বিশ্বকাপ পর জার্মানির স্বস্তি

দুই বিশ্বকাপের হতাশার পর এবার ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা শুধু শীর্ষেই নেই, শেষ ৩২ নিশ্চিত করেছে। আইভরিকোস্ট ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ইকুয়েডর ও কুরাসাওয়ের সংগ্রহ ১ পয়েন্ট করে হলেও গোল হজমের হিসাবে এগিয়ে রয়েছে ইকুয়েডর।

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস-জাপানের লড়াই

এই গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুই স্থানে আছে নেদারল্যান্ডস ও জাপান। গোল ব্যবধান সমান হলেও বেশি গোল করার কারণে শীর্ষে ডাচরা। এক জয় পাওয়া সুইডেন ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তিউনিসিয়ার জন্য আর কোনো আশা নেই, বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের।

গ্রুপ ‘জি’: মিসরের স্বস্তি

গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিসর। ইরান ও বেলজিয়াম দুই দলেরই সংগ্রহ ২ পয়েন্ট। দুই দলের গোল ব্যবধানও সমান। তবে ফেয়ার প্লে বিবেচনায় ইরান দ্বিতীয় এবং বেলজিয়াম তৃতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে ছোট একটি ভুলই বদলে দিতে পারে তাদের ভাগ্য।

গ্রুপ ‘এইচ’: স্পেন এগিয়ে, বাকিদের লড়াই

এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর শীর্ষে স্পেন। উরুগুয়ে ও কেপ ভার্দের সংগ্রহ ২ পয়েন্ট করে। দুই দলের গোল ব্যবধানও সমান হওয়ায় ফেয়ার প্লে হিসাব এগিয়ে রেখেছে উরুগুয়েকে। শেষ ম্যাচে তাই জমবে মূল লড়াই।

গ্রুপ ‘আই’: ফ্রান্স-নরওয়ে নিশ্চিত

এই গ্রুপে এখন পর্যন্ত সবচেয়ে পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। ফ্রান্স ও নরওয়ে দুই ম্যাচেই জয় পেয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে এবং দুই দলই নকআউট নিশ্চিত করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফ্রান্স। সেনেগাল ও ইরাক এখনো কোনো পয়েন্ট পায়নি। ফেয়ার প্লেতে এগিয়ে থাকায় সেনেগাল তৃতীয় স্থানে আছে।

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনার নিখুঁত অভিযান

দুই ম্যাচে কোনো গোল না খেয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দল পা রেখেছে নকআউটে। তাদের পারফরম্যান্স এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ। অস্ট্রিয়া ও আলজেরিয়া ৩ পয়েন্ট করে পেলেও গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রিয়া। টানা দুই হারে জর্ডানের বিশ্বকাপ শেষ।

গ্রুপ ‘কে’: রোনালদোর পর্তুগালের অপেক্ষা

কলম্বিয়া টানা দুই জয় তুলে নিয়ে ৬ পয়েন্টসহ গ্রুপের সেরা অবস্থানে আছে। তারা উঠে গেছে নকআউটে। পর্তুগাল এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে। শেষ ম্যাচে পর্তুগালের সামনে সুযোগ থাকবে নিজেদের অবস্থান আরও শক্ত করার।

গ্রুপ ‘এল’: ইংল্যান্ড-ঘানার সমীকরণ

ইংল্যান্ড ও ঘানা দুই দলেরই ৪ পয়েন্ট। তবে গোল ব্যবধান ও গোল সংখ্যায় এগিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ঘানা দ্বিতীয় স্থানে থাকলেও ক্রোয়েশিয়া এখনো লড়াইয়ে আছে। এক জয় পাওয়া ৩ পয়েন্টের ক্রোয়াটরা শেষ ম্যাচে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে।

দুই ম্যাচ শেষে বিশ্বকাপের চিত্র পরিষ্কার হতে শুরু করেছে। কোথাও শক্তিশালী দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে, কোথাও শেষ ম্যাচ হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। এখন অপেক্ষা শেষ ৩২-এর চূড়ান্ত তালিকার। বিশ্বকাপের আসল নাটক যেন এখনই শুরু!

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *