বলিউড অভিনেতা রণবীর সিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শুটিং সেটে এক নারী মজা করে রণবীরের সঙ্গে ফ্লার্ট করছেন। পরিস্থিতি সামলে নিজের স্বভাবসুলভ রসবোধে মজার জবাব দেন অভিনেতা। বলেন, ‘অনেক ফ্লার্ট করছ। আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’
সম্প্রতি একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় ঘটে ঘটনাটি। শুটিং চলাকালে কফি ব্লেন্ডার নষ্ট হয়ে যাওয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়। সেই সময় সেটের পরিবেশ স্বাভাবিক রাখতে ওই নারী রণবীরের সঙ্গে কথোপকথন শুরু করেন।
একপর্যায়ে তাদের আলাপ মজার ছলে ফ্লার্টের দিকে এগিয়ে যায়। তখনই হাসতে হাসতে ওই নারীকে উদ্দেশ করে রণবীর বলেন, ‘অনেক ফ্লার্ট করছ। আমি তো দুই সন্তানের বাবা হতে যাচ্ছি।’
রণবীরের এমন স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বেশ পছন্দ করেছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেতার রসবোধ ও পরিস্থিতি সামলে নেওয়ার ধরন নিয়ে প্রশংসা করেছেন। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘এমন ভালোবাসার মানুষই দরকার।’ আরেকজন লিখেছেন, ‘রণবীরের জবাব দেওয়ার ধরন দারুণ।’
উল্লেখ্য, রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান, কন্যা দুয়া পাড়ুকোন সিংকে স্বাগত জানান। বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।
এদিকে কাজের ব্যস্ততাও কমছে না রণবীরের। সামনে তাকে দেখা যাবে জয় মেহতা পরিচালিত জোম্বি-থ্রিলার ‘প্রলয়’ সিনেমায়। এতে তার সঙ্গে অভিনয় করছেন কল্যাণী প্রিয়দর্শন।