ভারতে পালানোর সময় তিন সঙ্গীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশঅ। আজ বুধবার (২৯ জুলাই) ভোর পৌনে চারটার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকাল ১০টায় আটকদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী আজ ভোর পৌনে চারটার দিকে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের ৯টি টিম যশোর সদর উপজেলার যশোর-ঢাকা মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। এসময় সেখানে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে যশোরমুখী একটি জিপ গাড়ি (ঢাকা মেট্রো ঘ-১৫-৩৫৯০) আটক করা হয়। গাড়িটি থেকে তিন সঙ্গীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার চারজনকে সকাল ১০টায় চট্টগ্রাম পুলিশের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
গ্রেপ্তার অপর তিনজন হলেন মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন আলভি ও ইসলাম আলিপ।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে, তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য যশোর এসেছিলেন।