ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
রাজধানীর শনিরআখড়ায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলির ঘটনায় অস্ত্র আইনের মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামিকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন। ঢাকার অপরাধ,তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস ছবুর এই রিমান্ডের আবেদন করেন।
মামলার নথি থেকে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ৮টায় কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় ক্রোকারিজের একটি দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়। এরপরে স্থানীয় লোকজনের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি পিস্তল, নয়টি গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গত রোববার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক(এসআই) মিঠুন মণ্ডল আসামিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এরপরে বিচারক আসামির রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
