রাজবাড়ীতে পদ্মার পানি বাড়লেও এখনও বিপৎসীমার নিচে

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বাড়লেও জেলার ৩টি গেজ স্টেশন পয়েন্টে এখন পর্যন্ত বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ১ সেন্টিমিটার এবং জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে দৌলতদিয়ায় বিপদসীমার ৫১, মহেন্দ্রপুরে ১৮২ এবং সেনগ্রামে ৩৫ সেন্টিমিটার নিচে রয়েছে পদ্মার পানি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজবাড়ীতে পদ্মা নদীর অংশে পানি বাড়লেও এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। এছাড়া কোনো অঞ্চল প্লাবিত হওয়ার খবরও পাওয়া যায়নি।

এদিকে, পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতি দেখা দেয়নি। তবে গোয়ালন্দের দেবগ্রামের মুন্সিবাজার এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ীর জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় পৃথক তিনটি গেজ পয়েন্ট রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *