ভারতের দিল্লিতে উন্নত শিক্ষাব্যবস্থা ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। শিক্ষার্থীদের এই গঠনমূলক ও সাহসী পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে তরুণ প্রজন্মের এই অনড় অবস্থান পুরো ভারতকে একদিন বিশ্বমঞ্চে গর্বিত করবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দাবির পক্ষে সুর চড়িয়ে অভিনেতা স্পষ্ট জানান ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে তরুণদের এই প্রতিবাদই সবচেয়ে সঠিক পথ।
তবে আন্দোলন সহিংস রূপ নেওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন সম্পর্কিত বিষয় নিয়ে বার্তা দেওয়া সালমান খান । এতে আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা ও সংহতি জানান।
আন্দোলনের মতো একটি মৌলিক বিষয় যেন হাতছাড়া হয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, এই লড়াই সম্পূর্ণভাবে ‘শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার’ ভেতরের বিষয়। তাই কোনো রাজনৈতিক দল যেন নিজেদের আখের গোছাতে এই আন্দোলনকে রাজনীতিকরণ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে।
প্রশ্নপত্র ফাঁসের তীব্র নিন্দা জানিয়ে সালমান এটিকে একটি ‘অত্যন্ত গুরুতর’ অপরাধ বলে অভিহিত করেন। সংস্কারের দাবিতে রাজপথে নামা শিক্ষার্থীদের সাহসী আখ্যা দেওয়ার পাশাপাশি, এই লড়াইয়ে সন্তানকে মানসিকভাবে সমর্থন দেওয়ায় অভিভাবকদের প্রতিও তিনি গভীর ধন্যবাদ জানান।
সবশেষে, উদ্ভূত সংকট নিরসনে সরকারের ইতিবাচক ভূমিকার ওপর নিজের আস্থা ব্যক্ত করেছেন এই বলিউড তারকা। তিনি আশা প্রকাশ করেন, সরকার খুব শীঘ্রই শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে সঠিক পদক্ষেপ নেবে। সালমান খানের বিশ্বাস, উপযুক্ত শিক্ষা সংস্কারের মাধ্যমে ভারত একদিন একটি বিশ্বমানের শিক্ষাকেন্দ্রে পরিণত হবে, যেখানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সমাগম ঘটবে বিশ্বসেরা শিক্ষার্থীদের।