রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়ায় ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগে গ্রেপ্তার দুই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুস ছবুর বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠু মন্ডল আসামিদের হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন- আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন।
নথি থেকে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কাচকুড়ার বগবাড়ির মোড় এলাকা থেকে রুনিয়াকে ও বিকাল ৫টার দিকে সোনিয়াকে উত্তরখান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার থেকে জানা গেছে. ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন।