যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেও কয়েকদিন ধরে নতুন কোনো সামরিক হামলার ঘটনা না ঘটায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়ে
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে ফেব্রুয়ারির শেষ দিকে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
মুদ্রাবাজারেও সামান্য পরিবর্তন দেখা গেছে। সোমবার সকালে জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে ১৬৩ দশমিক ৮২ ইয়েনে পৌঁছেছে। এর আগে ডলারের দর ছিল ১৬৩ দশমিক ৭৫ ইয়েন। একই সময়ে ইউরোর মূল্য সামান্য কমে ১ দশমিক ১৩৬৭ ডলারে নেমেছে, যা আগে ছিল ১ দশমিক ১৩৬৯ ডলার।
আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিন ধরে হামলা বন্ধ থাকায় মধ্যস্থতাকারীরা দুই দেশকে আবারও আলোচনায় ফেরানোর বিষয়ে অগ্রগতি অর্জন করেছেন।
বিশ্লেষকদের মতে, সামরিক উত্তেজনা কমে কূটনৈতিক আলোচনা এগিয়ে গেলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমতে পারে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
এসএন/পিডিকে