অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল। তবে ৪-২ গোলের এই জয়ের হাসি মিলিয়ে গেছে সেলেসাওদের।
জানা গেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছেন দলের অধিনায়ক ও সেরা ফর্মে তাকা তারকা রাফিনিয়া। ম্যাচে হঠাৎ ডান পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করায় ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিল তারকা রাফিনিয়া।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ডান পায়ের উরুতে তীব্র অস্বস্তি বোধ করার কারণে দলের অধিনায়ক রাফিনিয়াকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তবে তার এই চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানা যায়নি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তি অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই রাফিনিয়ার বদলি হিসেবে তরুণ সেনসেশন এন্ড্রিককে মাঠে নামান। মাঠ ছাড়ার আগে অবশ্য প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান রাফিনিয়া।
রাফিনিয়ার এই হুট করে মাঠ ছেড়ে যাওয়ার ঘটনাটি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জন্য অত্যন্ত সংবেদনশীল ও উদ্বেগের ঘটনা।
এর আগে বিখ্যাত স্প্যানিশ পত্রিকা ‘মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছিল যে, চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা রাফিনিয়ার ওপর আগে থেকেই তীক্ষ্ণ নজর রাখছিল বার্সেলোনা। বিশেষ করে ব্রাজিল দলের হয়ে অস্ট্রেলিয়া ও ভারতের মতো দেশে দীর্ঘ বিমান ভ্রমণের ফলে তৈরি হওয়া সফরজনিত শারীরিক ক্লান্তি নিয়ে কোচ হান্সি ফ্লিক বেশ চিন্তিত ছিল।
পূর্বের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে মার্কা জানায়, এর আগের আন্তর্জাতিক বিরতিগুলোতেও ঠিক একইভাবে চোট নিয়ে ক্লাব ফিরেছিলেন রাফিনিয়া। গত মার্চে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ খেলার সময় পেশির মারাত্মক চোটে পড়েছিলেন এই ফরোয়ার্ড। সেবার বাধ্য হয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে সরাসরি বার্সেলোনায় ফিরে যাওয়ার পর দীর্ঘ পাঁচ সপ্তাহ তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছিল।
এছাড়া এর আগে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচেও ডান পায়ের উরুর পেছনের অংশে চোট পেয়েছিলেন রাফিনিয়া। সে সময় ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়া পোর্টাল ‘জিই’ নিশ্চিত করেছিল যে, মেডিকেল টেস্টে তার ডান উরুতে পুরোনো পেশির চোট ধরা পড়েছিল। অতীতেও ক্যারিয়ারের বিভিন্ন সময়ে একই জায়গায় বেশ কয়েকবার চোট সমস্যায় ভুগেছেন এই তারকা।
যদিও বর্তমান চোট নিয়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জিই’ এটিকে ডান উরুর সামান্য পেশির অস্বস্তি হিসেবেই উল্লেখ করেছে। তবে রাফিনিয়া ঠিক কত দিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
বার্সেলোনা এখন পুরোপুরি তাকিয়ে আছে তার পরবর্তী মেডিকেল পরীক্ষার রিপোর্টের দিকে। পরীক্ষার ফল হাতে এলেই বোঝা যাবে এটি কেবল সাধারণ কোনো ক্লান্তিজনিত অস্বস্তি, নাকি আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে তার প্রত্যাবর্তনে বড় বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনো গুরুতর পেশির চোট।
আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগেই বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক আক্ষেপ করে বলেছিলেন যে, তার দলের সেরা খেলোয়াড়রা যখন জাতীয় দলের হয়ে খেলতে যান, তখন তার মনে তীব্র দুশ্চিন্তা কাজ করে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।