নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির মিশনেও সফল যাত্রা করল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়ার পর দারুণ ব্যাটিংয়ে জয় পেয়েছে টাইগাররা। প্রথম ম্যাচে কিউইদের উড়িয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ২ ওভার বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে নিউজিল্যান্ড। জবাবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন দুই ওপেনার। তাদের মন্থর ব্যাটিংয়ে হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। সেখান থেকে ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে জয় এনে দেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন আর শামীম হাসেন পাটোয়ারী।
ম্যাচ শেষে তাদের প্রশংসায়ও ভাসিয়েছেন অধিনায়ক লিটন দাস। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতে সত্যিই দারুণ ম্যাচ ছিল। বিশেষ করে আমরা যেভাবে ব্যাটিং করেছি। হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে, সে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছে। ইমনও খুব ভালো খেলেছে। এরপর শামীম ম্যাচটি দাপটের সঙ্গে শেষ করে এসেছে।’
চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক। তবে, আজ উইকেটের আচরণ তেমন ছিল না বলে জানালেন লিটন। তিনি বলেন, ‘এই মাঠে ১৮৩ রান তাড়া করা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কারণ এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। উইকেট বেশ ধীরগতির ছিল। ইনিংস বিরতির সময় আমি বলেছিলাম যে আমাদের পাওয়ার-প্লেতে ভালো রান তুলতে হবে।’
লিটনের কথামতো অবশ্য পাওয়ার-প্লেতে ভালো রান তুলতে পারেনি বাংলাদেশ। তবে উইকেট ধরে রেখেছিল। প্রথম পাওয়ার-প্লেতে এক উইকেট হারিয়েছিল টাইগাররা। এটিকেও জয়ের পেছনের একটি কারণ হিসেবে দেখছেন লিটন।
লিটন বলেন, ‘পাওয়ার-প্লেতে আমরা মাত্র একটি উইকেট হারিয়েছি, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় লক্ষ্য তাড়া করার সময় আপনি নিশ্চয়ই শুরুতে বেশি উইকেট হারাতে চাইবেন না।’