রাজধানীর হাতিরঝিল এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর চিফ রিপোর্টার (ডিজিটাল) রাশিদুল হাসান গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন। গতকাল রোববার (২৪ মে) দুপুর ১টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাতিরঝিল এলাকা দিয়ে যাওয়ার সময় রাশিদুল হাসানের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) সজোরে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য তেজগাঁওয়ের শমরিতা হাসপাতালে নিয়ে যান।
পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে আহত এই সাংবাদিককে আশঙ্কাজনক অবস্থায় স্কয়ার হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। মাথায় গুরুতর ও অভ্যন্তরীণ আঘাতের কারণে চিকিৎসকদের জরুরি পরামর্শে তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন।
এদিকে, সাংবাদিক রাশিদুল হাসানের এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় গণমাধ্যমকর্মীদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে পরিবার ও দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।