মেসির গোল্ডেন বুট জয় কঠিন করে দিলেন এমবাপে

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা লড়াইয়ে চোখ ফুটবলপ্রেমীদের, তখন সমান আগ্রহ তৈরি হয়েছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা নিয়েও। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে সেই লড়াইয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।ব্যক্তিগত এই পুরস্কার জিততে এখন আরও কঠিন সমীকরণের মুখোমুখি আর্জেন্টাইন অধিনায়ক।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ৬-৪ গোলে হারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন এমবাপে। দুই গোল করে আরও উঁচুতে এখন তিনি। চলতি আসরে নিজের গোলসংখ্যা দাঁড়াল ১০-এ। অন্যদিকে মেসির গোলসংখ্যা বর্তমানে ৮। ফলে ফাইনালের আগে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান এখন ফরাসি তারকার দখলে।

শুধু গোলসংখ্যাই নয়, টাইব্রেকিংয়েও সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপে। ফিফার নিয়ম অনুযায়ী গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় আসে অ্যাসিস্ট। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্ট করে এমবাপে মোট চারটি অ্যাসিস্ট করেছেন, যা মেসির সমান। গোল ও অ্যাসিস্ট-উভয় ক্ষেত্রেই সমতা থাকলে এরপর দেখা হবে কে কম সময় মাঠে খেলেছেন। সেই হিসাবেও এগিয়ে রয়েছেন এমবাপে।

এ কারণে ফাইনালে মেসি যদি শুধু দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলেও গোল্ডেন বুট জেতা সম্ভব হবে না। এই পুরস্কার জিততে হলে তাকে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট যোগ করতে হবে।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের লড়াইটাও থাকবে আলোচনার কেন্দ্রে।

বিশ্বকাপ ইতিহাসে এখনো গোল্ডেন বুট জেতা হয়নি মেসির। তবে তিনি দুইবার গোল্ডেন বল বা আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। অন্যদিকে, ২০২২ সালের কাতার বিশ্বকাপে সর্বোচ্চ আট গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এমবাপে। চলতি আসরে ১০ গোল নিয়ে উঠে গেলেন অনন্য উচ্চতায়! বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ নিয়ে গেলেন, যা এই প্রতিযোগিতার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনেও বসিয়েছে তাকে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *