মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী আটক

রাজধানীর বনানী এলাকায় মশাল মিছিলের চেষ্টাকালে সাত জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে বনানী থানা পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) সহ চার জন শিশু।

বনানী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বনানী থানার একটি টিম জানতে পারে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০-১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশে একত্রিত হয়েছে।

তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *