মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে ‘আওয়ারাপন ২’

বলিউড তারকা ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল ‘আওয়ারাপান ২’ মালয়েশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয়, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন’ সিনেমার জনপ্রিয় চরিত্র শিবম পণ্ডিতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এর দ্বিতীয় কিস্তি। প্রায় ১৯ বছর পর ইমরান হাশমি আবারও ফিরেছেন শিবম চরিত্রে।

সিনেমাটির বিশেষ আকর্ষণের একটি হচ্ছে মালয়েশিয়ায় এর শুটিং। কুয়ালালামপুরের বিভিন্ন দর্শনীয় ও ব্যস্ত এলাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে। বিশেষ করে কুয়ালালামপুরের জনপ্রিয় প্যাভিলিয়ন কুয়ালালামপুর এলাকাতেও সিনেমাটির শুটিং হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বুকিত বিনতাং এলাকাতেও শুটিংয়ের সময় সিনেমাটির কলাকুশলীদের দেখা যায়।

মালয়েশিয়ায় শুটিংয়ের সময় ইমরান হাশমির পাশাপাশি সিনেমাটির অন্যান্য অভিনয়শিল্পীরাও অংশ নেন। ফলে স্থানীয় দর্শকদের কাছে সিনেমাটি শুধু একটি বলিউড চলচ্চিত্র নয়, বরং মালয়েশিয়ার পরিচিত বিভিন্ন স্থানে ধারণ করা একটি বিশেষ সিনেমা হিসেবেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।

‘আওয়ারাপন ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুভিন্দর ভিকি। সিনেমাটি পরিচালনা করেছেন নিতিন কক্কর।

২০০৭ সালের ‘আওয়ারাপন’ বক্স অফিসে বড় সাফল্য না পেলেও পরবর্তী সময়ে দর্শকদের কাছে এটি একটি জনপ্রিয় কাল্ট সিনেমায় পরিণত হয়। বিশেষ করে সিনেমার গান এবং ইমরান হাশমির অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ‘আওয়ারাপন ২’ নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

মালয়েশিয়ায় মুক্তির পর এখন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন সিনেমাটির নির্মাতা ও অভিনয়শিল্পীরা। কুয়ালালামপুরের পরিচিত বিভিন্ন স্থানে শুটিং এবং ইমরান হাশমির জনপ্রিয় চরিত্রে প্রত্যাবর্তন—দুই কারণে মালয়েশিয়ায় সিনেমাটি বাড়তি আলোচনায় এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *