মার্কিন ‘দ্বিমুখী নীতি ও ক্ষমতার দম্ভ’ কূটনীতির পথে বাধা : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দ্বিমুখী আচরণ ও মাত্রাতিরিক্ত শর্ত আরোপের নীতি’ সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএর (ইসনা) প্রতিবেদন অনুযায়ী, তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। খবর আলজাজিরার। 

বৈঠকে আব্বাস আরাঘচি ওয়াশিংটনের অতীত প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকার পূর্ববর্তী নানা চুক্তি লঙ্ঘন ও বিশ্বাসভঙ্গের কারণেই মার্কিন প্রশাসনের প্রতি ইরানের গভীর সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়েছে। এরপরও চলমান যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে ইরান যে কূটনৈতিক সংলাপে অংশ নিচ্ছে, তা কোনো দুর্বলতা নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের ‘দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির’ বহিঃপ্রকাশ। 

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভী মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ইরান ও এই অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তান একটি কার্যকর ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।

কূটনৈতিক মহলের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘সময় শেষ হয়ে আসছে’ হুমকির জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরাঘচির এই বক্তব্য স্পষ্ট করে, ইরান আলোচনার দরজা খোলা রাখলেও মার্কিন কোনো বলপ্রয়োগ বা একতরফা শর্তের মুখে মাথা নত করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *