মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে সেমিফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের। এখন গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে।

সেই লক্ষ্যেই আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশে খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়াও অনলাইনে স্পোর্টসজিফাই অ্যাপে বিনামূল্যে দেখা যাবে খেলা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ। জরিমানা গুনতে হচ্ছে বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচ শেষ করতে না পারায় ধীর গতির ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার দেরিতে বোলিং শেষ করে বাংলাদেশ। ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী এই ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে শাস্তির আদেশ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ধীর ওভার রেটের কারণে বাংলাদেশ দলের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শাস্তি মেনে নিয়েছেন। তাই এ ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ন্যূনতম ওভার পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ধীর ওভার রেটের অভিযোগ আনেন ম্যাচের দুই অন-ফিল্ড আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *