ময়মনসিংহে মাদকসহ ৪ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে অভিযান চালিয়ে মাদক মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঝটিকা অভিযান পরিচালিত হয়। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিলের নেতৃত্বে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি যৌথ দল এ অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ মুরাদ( ২৫), মো. রাজু ( ৩০), মোহাম্মদ নাঈম শান্ত (২৫) ও কাউসার মিয়া (৩০)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ নগরীর কলোনি ও আকুয়া এলাকায়।

পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃত চারজনই পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচ-ছয়টি করে মাদক মামলা রয়েছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ হাতেনাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, ‘সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকের আস্তানা ও সিন্ডিকেট উপড়ে ফেলতে আমাদের এ ধরনের ঝটিকা ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *