মধ্য আফ্রিকায় স্বর্ণখনি ধসে অন্তত ১০০ জনের মৃত্যু

ক্যামেরুন সীমান্তে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ১০০ জন নিহত হয়েছে বলে বুধবার (১৯ আগস্ট) জানিয়েছে একাধিক স্থানীয় সূত্র। খবর বার্তা সংস্থা এএফপির।

দেশটির বাবুয়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত জামবোয়ে খনি এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনার পর এখনো উদ্ধার অভিযান চলছে।

খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটিতে বারবার ঘটা এমন দুর্ঘটনার মধ্যে সাম্প্রতিক এই ঘটনায় প্রায় ১০০ জন মারা গেছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে বেশ কয়েকটি স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে বাবুয়ার নির্বাচিত প্রতিনিধি লরেন্ট এনগন বলেন, ‘এই মুহূর্তে আমাদের পক্ষে আনুষ্ঠানিকভাবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন।’

ক্যামেরুন ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত চারজন ক্যামেরুনের নাগরিক ছিলেন। এতে আরও বলা হয়, উদ্ধারকাজ অব্যাহত থাকার পাশাপাশি বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসার জন্য বাবুয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাবুয়ার সরকারি কৌঁসুলি এক বিবৃতিতে বিচার বিভাগীয় তদন্ত শুরু করার কথা ঘোষণা করে জানান, খনিশ্রমিকেরা যে কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে কাজ করছিলেন, সেগুলো ধসে পড়ার কারণে এই ভূমিধস ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সরকারি নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত অবৈধ খনিগুলোতে ভূমিধসের ঘটনা প্রায়শই ঘটে থাকে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশাল উন্মুক্ত এই খনি এলাকায় শতাধিক প্রথাগত খনিশ্রমিক কাজ করার সময় মাটির একটি বড় অংশ ভেঙে পড়ে মানুষকে চাপা দেয়।

খনিতে কর্মরত সেড্রিক এমবাঙ্গো নামে এক শ্রমিক এই ঘটনাকে ‘বিপর্যয়কর’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, খনি পুরোপুরি ধসে পড়ে মানুষজনকে মাটিচাপা দিয়েছে।

ক্যামেরুনের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর গ্রেগোয়ার এমভঙ্গো সরকারি সিআরটিভি রেডিওতে বলেন, ‘এই ট্র্যাজেডির পরিণতি মোকাবিলায় আমরা আমাদের মধ্য আফ্রিকান সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় কাজ করছি।’

এর আগে জুন মাসে ক্যামেরুন সীমান্তের কাছে বে-ম্বারি স্বর্ণখনিতে একই ধরনের ধসের ঘটনায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছিল।

এছাড়া, মার্চের মাঝামাঝি সময়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পশ্চিমে এনগুরুম গ্রামের একটি খনিতে ভূমিধসে সাতজন মারা যান। এছাড়া ফেব্রুয়ারিতে উত্তর-পূর্বাঞ্চলের গর্দিতে আরও ২০ জন প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *