রাজধানীর মতিঝিলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় সনদ ও প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ায় হিরাঝিল হোটেলকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মতিঝিলের হিরাঝিল হোটেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
অভিযানকালে হোটেলটির রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পাওয়া যায়। রান্নাঘরের মেঝে নোংরা ও স্যাঁতসেঁতে ছিল। এ ছাড়া ঢাকনাবিহীন অবস্থায় ময়লাপূর্ণ পাত্র পাওয়া গেছে।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, হোটেলটিতে কোনো ধরনের লেবেল ছাড়া ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা গেছে। একই সঙ্গে খাদ্যকর্মীদের কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।
এ ছাড়া হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা মেট্রোপলিটন মেহরিন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অংশ নেয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।