সন্ত্রাসবিরোধী আইনে অধ্যাপক জামাল উদ্দিন গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে (৫৬) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতারা রাজধানীর গুলিস্তান, বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে সমবেত হন। ওই সময় পুলিশ সদস্যরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের বিপরীত পাশে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১৪০ থেকে ১৫০ জন বিভিন্ন দিকে পালিয়ে যায়। তদন্তে আ ক ম জামাল উদ্দিনের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

আবেদনে আরও বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ড সমর্থন, অপরাধের ষড়যন্ত্র ও প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন অধ্যাপক জামাল উদ্দিন। পাশাপাশি ঢাকার বিভিন্ন সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে তার নেতৃত্ব দেওয়ার তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। এর আগে একই আইনের মামলায় গ্রেপ্তার হয়ে গত ১১ মার্চ থেকে তিনি কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *