ভ্যাট কমিশনারেট পুনর্গঠন, নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ

কর প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ পুনর্গঠনের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন অধিক্ষেত্র অনুযায়ী স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আল আমিন শেখ জানান, স্থানান্তরিত বিআইএনের ক্ষেত্রে কেবল নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য সব তথ্য অপরিবর্তিত রয়েছে। আমদানি ও রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বাধা এড়াতে কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পুরোনো ও নতুন উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএন ব্যবহার করে ইতোমধ্যে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা যাবে। এনবিআর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো বিআইএনের আওতায় থাকা সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, ৩০ নভেম্বরের পর পুরোনো বিআইএন কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এরপর থেকে আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।

এনবিআরের মতে, এই উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা, কর প্রশাসনকে আরও গতিশীল ও আধুনিক করা এবং করদাতাদের জন্য উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *