ড্রদিয়ে ২০২৬ বিশ্বকাপের মিশন শুরু করলেও শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ‘রাউন্ড অব ৩২’ এ নিশ্চিত করে কার্লো আনচেলত্তির দল।
‘সি’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখলেও গ্রুপ পর্ব শেষে পুরোপুরি সন্তুষ্ট সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া একটি গোল নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘এস্তাদাও’র প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে ফিফার কাছে চিঠি দিয়েছে সিবিএফ। নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে চিঠিতে তারা অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের প্রথমার্ধের ২৪ মিনিটে বিতর্কিত ওই ঘটনাটি ঘটে। স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রিকে চাপে ফেলে বলের দখল নেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাঠে উপস্থিত সমর্থকেরা গোল উদযাপন শুরু করলেও খেলা তখনও শেষ হয়নি।
ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে মেক্সিকান রেফারি সিজার রামোস সাইডলাইনের মনিটরে গিয়ে ঘটনাটি আবার দেখেন। রিপ্লে পর্যবেক্ষণ করে তিনি সিদ্ধান্ত দেন, বল দখলের মুহূর্তে ভিনিসিয়ুস প্রতিপক্ষের ওপর ফাউল করেছিলেন। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই গোলটি বাতিল করা হয়।
রেফারির এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ভিনিসিয়াস। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক।’
এবার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিলো ব্রাজিল ফুটবল ফেডারেশন। অভিযোগপত্রে তারা আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনার প্রসঙ্গ তুলে ধরে। সেই ম্যাচে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার অস্ট্রিয়ার জাভের শ্লাগারের কাছ থেকে বল কেড়ে নেন। এরপর সেই আক্রমণ থেকেই বল পৌঁছে যায় লিওনেল মেসির কাছে এবং আর্জেন্টাইন অধিনায়ক দলকে এগিয়ে নেয়ার গোল করেন।
ব্রাজিলের দাবি, ম্যাক অ্যালিস্টারের ওই ট্যাকলও ফাউল হিসেবে বিবেচিত হতে পারত। কিন্তু ম্যাচের দায়িত্বে থাকা মিসরীয় রেফারি আমিন ওমর খেলায় কোনো বাধা দেননি এবং আক্রমণ চলতে দেন। পরবর্তীতে সেই সিদ্ধান্ত নিয়েও সমালোচনা হয়েছিল বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে সিবিএফ।
তবে বিতর্কিত বিষয়টি সামনে এলেও বিশ্বকাপে নিজেদের মূল লক্ষ্য থেকে সরে যেতে চায় না ব্রাজিল। নকআউট পর্ব সামনে রেখে পর পরবর্তী ম্যাচের দিকেই পুরো মনোযোগ রাখছে আনচেলত্তির দল।
শেষ ৩২ এর লড়াইয়ে আগামী সোমবার (২৯ জুন) জাপানের বিপক্ষে লড়েব ব্রাজিল। ‘এফ’ গ্রুপে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে রানারআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। সেই ম্যাচ দিয়েই শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপের নকআউট অধ্যায়।