ভারতের সিরিজ নিয়ে ফের অনিশ্চয়তা, সংশয়ে বিসিবি!

মাঠে ক্রিকেট ফেরার আগেই রাজনীতির পিচে আটকে যেতে পারে! ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনে আর মাঠে গড়ায়নি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় সেই সিরিজও এখন অনিশ্চয়তার মুখে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তাও সিরিজটি আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করেছেন!

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের সাদা বলের সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে। যদিও বিসিবির কর্মকর্তারা এখনো আশা করছেন, সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠতে পারে। তবে বর্তমান বাস্তবতা সেই আশার সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের এই অনিশ্চয়তার পেছনে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ৫ আগস্ট দিল্লি থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ঢাকায় এর কড়া প্রতিক্রিয়াও দেখা যায়। বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দিল্লিতে বসে শেখ হাসিনাকে এমন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবির অভ্যন্তরীণ সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেপ্টেম্বরে ভারতীয় দলকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজন করা কার্যত কঠিন হয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা সিরিজের সম্ভাবনা নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।

ওই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সব ঘটনার পর তিনি সিরিজটি নিয়ে সন্দিহান। ভারতীয় পক্ষ থেকে সিরিজের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও কম বলে মনে করছেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিরিজ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি ইতিবাচক কোনো সম্ভাবনা দেখাতে পারেননি।

বিসিবির ওই কর্মকর্তা আরও জানান, ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিরিজ আয়োজনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিষয়টি এখন আর পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে নেই। ভারতীয় দল শেষ পর্যন্ত বাংলাদেশে আসবে কি না, সেটি অনেকটাই রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

তবে সিরিজ আনুষ্ঠানিকভাবে বাতিল না হওয়া পর্যন্ত আশা হারাতে চাইছে না বিসিবি। বোর্ডের কর্মকর্তাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ক্রিকেটীয় সম্পর্কও আবার গতি পেতে পারে। সে ক্ষেত্রে সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ আয়োজনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না।

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করে। বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সিরিজটি আয়োজনের ব্যাপারে ইতিবাচক অবস্থান নিয়েছিল। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল ভারতীয় দলকে বাংলাদেশে আতিথেয়তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সফরটি নিশ্চিত করতে সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছিল।

ভারতীয় দলের বাংলাদেশ সফর শুধু মাঠের ক্রিকেটের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বিসিবির আর্থিক স্বার্থের সঙ্গেও বিষয়টি জড়িত। ভারতের বিশাল ক্রিকেটীয় বাজার, ব্র্যান্ড মূল্য এবং বিশ্বজুড়ে তাদের জনপ্রিয়তার কারণে ভারতীয় দলকে আতিথেয়তা দেওয়া আয়োজক দেশের জন্য বড় বাণিজ্যিক সুযোগ তৈরি করে। টেলিভিশন সম্প্রচার, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে এ ধরনের সিরিজ থেকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকে।

কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ সেই সম্ভাবনাকেই এখন বড় অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।

এদিকে চলতি বছরের শুরুতে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। এরপরই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও চাপের মুখে পড়ে। সেই পরিস্থিতি কাটিয়ে দ্বিপাক্ষিক ক্রিকেটে স্বাভাবিকতা ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেটিকেও আবার প্রশ্নের মুখে ফেলেছে!

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *