ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে তৎকালীন সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত তৎকালীন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল দায়ী ছিলেন বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যরা।

দীর্ঘ তদন্ত শেষে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তদন্ত প্রতিবেদন প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার পেছনে কারা দায়ী— এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির সদস্য আইনজীবী ফয়সাল দস্তগীর বলেন, ভারতে খেলতে না যাওয়ার পেছনে তৎকালীন সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ড. আসিফ নজরুল (তৎকালীন ক্রীড়া উপদেষ্টা) দায়ী।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল নাকি ভুল— এমন প্রশ্নের জবাবে ফয়সাল দস্তগীর বলেন, সেই সময়ের ঘটনা বিবেচনায় বাংলাদেশের বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত ছিল।

একই প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যা বলেন, এটি সরকারের সিদ্ধান্ত ছিল। সরকারের সিদ্ধান্ত ভুল নাকি সঠিক— সেটি তো আমি, আপনি বলতে পারব না। 

এর আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে আলোচনা হয়েছে তুমুল। কয়েকজন ক্রিকেটারও গণমাধ্যমে দিয়েছিলেন ভিন্ন বার্তা। সবকিছুর পর গত ১১ মে বিশ্বকাপে খেলতে না যাওয়ার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটির ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এরপর গত ১১ মে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অণুবিভাগ) কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য ছিলেন— জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ফয়সাল দস্তগীর। ১৫ কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

ঘটনার সূত্রপাত যেভাবে

২০২৬ আইপএলের নিলামে রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এরপরই মুস্তাফিজকে হুমকি দিচ্ছিলেন উগ্র ভারতীয় হিন্দুত্ববাদীরা। এরপর মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। কলকাতাও ছেড়ে দেয় ফিজকে।

এরপর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করে বিসিবি। শেষ পর্যন্ত সেই দাবি না মেনে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানায় আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *