ভাত দিতে দেরি হওয়ায় মাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা, ছেলে আটক

নেত্রকোনায় ভাত দিতে দেরি হওয়ায় মায়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

​নিহত নারীর নাম আবুনি রাজভর ওরফে রুক্সী (৫০)। তিনি ওই এলাকার বাসিন্দা শ্যাম লাল রাজভরের স্ত্রী।

স্থানীয়দের বরাতে পুলিশে জানায়, চল্লিশা ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে মগড়া নদীর তীরে একটি টিনশেড ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন আবুনি রাজভর। তাঁর ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবনের কারণে মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন।

শ্যামল তাঁর মায়ের কাছে দুপুরের খাবার (ভাত) চান। এ সময় মা আবুনি রাজভর তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শ্যামল ঘরে থাকা একটি ভারী লোহার শাবল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। শাবলের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়ে আবুনি রাজভর তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা চালালেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত এলাকাবাসী শ্যামলকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, অভিযুক্ত শ্যামল রাজভরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *