সাভারে পুলিশের দুই কর্মকর্তার ওপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) রাত পৌনে আটটার দিকে সাভারের বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন ও এএসআই মশিউর রহমান মাদকবিরোধী অভিযানে যান। তারা পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেন। মাদকবিরোধী অভিযানের এক পর্যায়ে তাদের ওপর সংঘবদ্ধ হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় আসামি রফিকুল ইসলামকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
স্থানীয়দের সহযোগিতায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌদিহ-আল-হাসান বলেন, দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার ধরণ গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় রেফার করা হয়েছে।
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) মো. জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের ওপর হামলাকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২২ মে মাদকের বিষয়ে রিপোর্ট করতে গেলে মাদক ব্যবসায়ীরা পিটিয়ে গুরুতর আহত করে দুই সাংবাদিককে। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর ও লুট করা হয় ক্যামেরা।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মুখে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী এবং এক উপপরিদর্শক (এসআই) ও দুজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়। এরপর থেকেই ওসি শূন্য রয়েছে সাভার মডেল থানা।