ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া এ ঘটনায় স্বপন নামে রেলওয়ের এক কর্মী আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক বাসসকে জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এরফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দ্রুত লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।