খেলতে গিয়ে ভিমরুলের আক্রমণে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক নারীও। ঘটনাটি ঘটেছে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায়। নিহত দুই শিশু হলো রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪)।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসায় পাটখড়ি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে বাসা থেকে বেরিয়ে আসে অসংখ্য ভিমরুল এবং শিশু দুটিকে আক্রমণ করে। ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তারা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ সেপ্টেম্বর দুই শিশুর মৃত্যু হয়।
এদিকে শিশু দুটিকে উদ্ধারে এগিয়ে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হন এক নারীও। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের মধ্যে বিরাজ করছে গভীর শোক।