বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে দুর্দান্ত এক মৌসুম শেষ করেছেন লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই স্পেনকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি নিজেকে ২০২৬ সালের ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই তরুণ।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জয়ের স্বপ্নের আরও কাছে পৌঁছে গেছেন ইয়ামাল।
বিশ্বকাপের আগে হাঁটুর চোটে ভুগলেও টুর্নামেন্টে দারুণ খেলেছেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গোল করেছেন, ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে আদায় করেছেন গুরুত্বপূর্ণ পেনাল্টি। পুরো টুর্নামেন্টে সফল ড্রিবলের দিক থেকে তার ওপরে ছিলেন শুধু লিওনেল মেসি। মেসির ২৮টির বিপরীতে ইয়ামালের ছিল ২৭টি সফল ড্রিবল।
ক্লাব ফুটবলেও ছিল তার দারুণ মৌসুম। লা লিগায় ১৬ গোল ও ১১ অ্যাসিস্ট করে জিতেছেন মৌসুমসেরা খেলোয়াড়ের পুরস্কার। একই সঙ্গে ফেরান তোরেসের সঙ্গে যৌথভাবে পেয়েছেন জাররা ট্রফি।
বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৪৯ গোল ও ৪৪ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। এরই মধ্যে তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জিতেছেন। ব্যক্তিগত অর্জনের তালিকায় রয়েছে গোল্ডেন বয় ও কোপা ট্রফিও।
বিশ্বকাপের পর ট্রান্সফারমার্কেটও তার বাজারমূল্য বাড়িয়ে ২২০ মিলিয়ন ইউরো নির্ধারণ করেছে। একই মূল্য আর্লিং হল্যান্ডেরও। ফলে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের একজন ইয়ামাল।
গত বছর ব্যালন ডি’অরে দ্বিতীয় হওয়া এই স্প্যানিশ তারকা এবার বিশ্বকাপ, লা লিগা ও ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে পুরস্কারটি জেতার দৌড়ে অনেকটাই এগিয়ে। মাত্র ১৯ বছর বয়সেই তিনি ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় লেখার ইঙ্গিত দিচ্ছেন।