ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনিও। তার মতে, কোনো দলীয় সাফল্য বা বড় শিরোপা জয়ের বিচারে নয়, বরং একজন ফুটবলারের জন্মগত ও অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া উচিত।
মরিনিওর কাছে ব্যালন ডি’অর এমন কারোরই প্রাপ্য, যাদের খেলা মানুষ অবসরের পরও গভীরভাবে মিস করে। নিজের এই ভাবনা বোঝাতে গিয়ে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রোনালদো নাজারিও, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং জিনেদিন জিদানের উদাহরণ টেনেছেন এই অভিজ্ঞ কোচ।
মরিনিও বলেন, ‘আমার কাছে মনে হয়, ব্যালন ডি’অর তাদেরই পাওয়া উচিত, যাদের আমরা খেলা ছাড়ার পরও মিস করি এবং চিরকাল মিস করতে থাকব। আমি ম্যারাডোনাকে মিস করি, নাজারিওকে মিস করি, মেসিকে মিস করি, জিজুকেও (জিদান) মিস করি।’
কেবল চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জয়ের কারণে কাউকে ব্যালন ডি’অর দেওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন মরিনিও। তার যুক্তি, যদি ট্রফি বা দলীয় সাফল্যই পুরস্কার দেওয়ার মূল মাপকাঠি হয়, তবে তো ফুটবলারদের বদলে কোচদেরই এই পুরস্কার দেওয়া উচিত।
তিনি করেন, ‘কেউ শুধু চ্যাম্পিয়নস লিগ কিংবা বিশ্বকাপ জিতেছে বলেই তাকে ব্যালন ডি’অর দিয়ে দিতে পারেন না। যদি চ্যাম্পিয়নস লিগের সাফল্যকে পুরস্কৃত করতে চান, তবে সেটি দিন লুইস এনরিকেকে। আর স্পেনের সাফল্যের ক্ষেত্রে নিশ্চিতভাবেই লুইস দে লা ফুয়েন্তে এটি পাওয়ার যোগ্য।’
তবে বিশ্বের সেরা খেলোয়াড় কেবল পিএসজি কিংবা স্পেনের মতো বড় দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ, এমন ধারণাও মানতে নারাজ মরিনিও। তার মতে, বর্তমান বিশ্বে সেরার তালিকায় দুই, তিন বা চারজন ফুটবলার থাকতে পারেন এবং ফুটবলপ্রেমীরা খুব ভালো করেই জানেন তারা কারা।
ব্যালন ডি’অরের পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজের চরম অসন্তোষ প্রকাশ করে মরিনিও অভিযোগ করেন, এই পুরস্কারের পেছনেও এখন নোংরা রাজনীতি জড়িয়ে পড়েছে। তিনি বলেন, ‘ব্যালন ডি’অরে এখন রাজনীতি ঢুকে গেছে। আর যখনই এর মধ্যে রাজনীতি চলে আসে, তখন এই বিষয়গুলো আমার আর ভালো লাগে না।’