বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে : প্রতিমন্ত্রী

চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি। আজ বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা, র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

এছাড়া সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনসহ সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও শ্রদ্ধা জানান। 

এদিকে চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তিন দিনের কর্মসূচির প্রথম দিনে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ ষোলশহর বিপ্লব উদ্যান থেকে জুলাই র‌্যালি বের করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম মহানগর এনসিপি দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে নগরীর লালদীঘি মিলনায়তনে গণভোজের আয়োজন করে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, আপামর জনসাধারণের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ফেরানো এবং সব ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বিএনপি জনগণের কাছে জবাবদিহিমূলক দল, তাই এ দল হঠকারী কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি সংস্কার প্রস্তাব জনগণের সব অংশীজনের মতামতের ভিত্তিতে গৃহীত হবে।

এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আজ বুধবার সন্ধ্যা থেকে মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। আগামী দুই-এক দিনের মধ্যে সরবরাহ পুরোপুরি চালুর আশাও করেন তিনি। সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ সালাউদ্দিন এ কথা জানান। 

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের এমডি বলেন, দুটি বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এতে গ্যাস সরবরাহ অর্ধেকে নেমে যায়। দেশি-বিদেশি প্রকৌশলীরা দিনরাত পরিশ্রম করে একটি বয়লার এরই মধ্যে মেরামত করেছেন। আজ সন্ধ্যা নাগাদ এ বয়লার থেকে আড়াইশো মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করা যাবে। বাকি বয়লারটি ঠিক করতে আরও এক-দুই দিন সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *