তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ অসচেতনতা। এছাড়া মহাসড়কে অবৈধ দোকানপাট থেকে শুরু করে রাস্তা দখল করে ব্যবসা-বাণিজ্য করতে দেখা যায় বিভিন্ন স্থানে। গাড়ি চালানোর সময় চালক এবং রাস্তা পারাপারের সময় পথচারীরা অসতর্ক থাকেন এবং মোবাইল ফোনে কথা বলেন, সিটবেল্ট বাঁধেন না। এটিও দুর্ঘটনার অন্যতম কারণ।
ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরীকৃত আর্থিক সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে আজ শুক্রবার (১৯ জুন) জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সংক্ষিপ্ত আলোচনায় আরও বলেন, অদক্ষ ড্রাইভারদের কারণেও অনেক দুর্ঘটনা ঘটে। তাই মহাসড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি সবাই যদি সামগ্রিকভাবে আমরা সচেতন হই; তবে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
আলোচনা শেষে দুর্ঘটনায় নিহত ৩৪ পরিবারকে ৫ লাখ এবং আহত ১৬টি পরিবারের মধ্যে ১ থেকে ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরাসহ কর্মকর্তারা বক্তব্য দেন। পরে ময়মনসিংহ লেডিস ক্লাব মাঠে গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
২০২৪ থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে বিআরটিএ ক্ষতিগ্রস্তদের মাঝে ৮ কোটি ৩০ লাখ টাকা প্রদান করেছে বলে জানায় বিআরটিএ।