বেশি দামে তেল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সেতাবগঞ্জ পৌর এলাকার মিলরোড ও রেলঘুণ্ঠি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহযোগিতা করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের  (র‌্যাব-১৩) সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে মেসার্স সাহা অ্যান্ড সন্সকে ৫০ হাজার টাকা, ফাহিম স্টোরকে ১০ হাজার টাকা এবং মজুমদার ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বাজারে কৃত্রিম সংকট তৈরি বা আইন অমান্য করে বেশি মূল্যে পণ্য বিক্রি করলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *