বেলজিয়াম-মিসরের নকআউট নিশ্চিত, অপেক্ষায় ইরান

এক ম্যাচে দাপুটে জয়, অন্য ম্যাচে শেষ মুহূর্তের হৃদয়ভাঙা নাটক। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের শেষ দিনে শীর্ষস্থান ধরে রেখে নকআউট নিশ্চিত করেছে বেলজিয়াম, রানার্সআপ হয়েছে মিসর। তবে ভিএআরের কারণে শেষ মুহূর্তের গোল বাতিল হওয়ায় ইরানের ভাগ্য এখন ঝুলে আছে অন্য গ্রুপের ফলাফলের ওপর!

বিশ্বকাপের ‘জি’ গ্রুপের খেলা শেষ হয়েছে আজ। গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম ও মিসর। তবে সরাসরি শেষ বত্রিশে উঠতে না পারলেও আশা বেঁচে আছে ইরানের। তৃতীয় স্থানের সেরা আট দলের মধ্যে থাকতে পারলে পরের পর্বে জায়গা করে নেবে এশিয়ার প্রতিনিধিরা।

ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে দাপুটে ফুটবল উপহার দিয়েছে বেলজিয়াম। ৫-১ গোলের বড় জয় তুলে নিয়ে গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে ইউরোপের দলটি। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও পুরো ম্যাচেই ছিল তাদের একচ্ছত্র আধিপত্য।

দ্বিতীয়ার্ধে বিশ্বকাপে টিকে থাকার শেষ চেষ্টা চালায় নিউজিল্যান্ড। তবে সেই সুযোগে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বেলজিয়াম। দুই দলের শক্তির ব্যবধান স্পষ্ট করে তারা একের পর এক আক্রমণে ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধের মাঝপথেই তিন গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বেলজিয়াম। নিউজিল্যান্ডের হয়ে এলিজা জাস্ট একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।

ম্যাচের শেষদিকে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিটে এক গোল ও এক অ্যাসিস্ট করে জয়ের ব্যবধান আরও বড় করেন রোমেলু লুকাকু। এই জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউটে উঠেছে বেলজিয়াম। অন্যদিকে, তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে নিউজিল্যান্ডের।

নকআউট পর্বে বেলজিয়াম খেলবে তৃতীয় হওয়া সেরা দলগুলোর একটির বিপক্ষে। আর গ্রুপ রানার্সআপ মিসরের প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া।

অন্য ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তার শিকার হয় ইরান। ১-১ সমতায় থাকা ম্যাচের শেষদিকে তারা জয়সূচক গোলের দেখা পেলেও ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে সেটি বাতিল করেন রেফারি। ফলে ম্যাচটি ড্রয়ে শেষ হয় এবং রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে মিসর।

শেষ মুহূর্তের সেই সিদ্ধান্তে ইরানের সরাসরি নকআউটে ওঠার স্বপ্ন ভেঙে যায়। এখন তাদের অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে। তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা আটে থাকতে পারলেই কেবল শেষ বত্রিশে জায়গা হবে ইরানের।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *