সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে বিরোধীদলীয় নেতা

সবকিছুতেই বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধীদল সবকিছুতে শুধু বিরোধিতা করবে, ব্যক্তিগত ও দলগতভাবে তিনি এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না।

তিনি বলেন, সরকারিদলকেও বিরোধীদলকে সম্মান করতে হবে। আর বিরোধীদলেরও দায়িত্ব থাকবে দেশ গঠনে তার জায়গা থেকে যথাযথ ভূমিকা রাখা।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কেউ হস্তক্ষেপ করুক, তা কখনো মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, সবার আগে দেশের স্বার্থ। কোনো চুক্তিই হোক বা অন্য কোনো বিষয়, তা হতে হবে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানান তিনি।

তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দেশের গুরুত্বপূর্ণ সব বিষয় সংসদের ভেতরে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে হওয়া প্রয়োজন।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *