বিশ্ববাজারে দুই মাসে সর্বোচ্চ স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার বেড়েছে। টানা দুই মাস ধরে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের। 

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ৪ হাজার ৪০৮.৫৫ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে দর বেড়ে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৪৩৩ ডলারে উঠে যায়, যা গত ৫ জুনের পর সর্বোচ্চ। পাশাপাশি ডিসেম্বরে সরবরাহের জন্য চুক্তি হওয়া মার্কিন স্বর্ণের ফিউচার দর প্রতি আউন্সে ৪ হাজার ৪৬৭ ডলারে স্থির রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমার ফলে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে গেছে। ব্যবসায়ীরা এখন মার্কিন প্রযোজক মূল্য সূচক (পিপিআই) প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন। পিপিআই থেকে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী, জুলাই মাসে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি কমে ৩.৪ শতাংশে নেমেছে, যা জুন মাসে ছিল ৩.৫ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকে যাওয়ায় সুদের হার অপরিবর্তিত বা কমানোর আশা তৈরি হয়েছে। সাধারণত সুদের হার কমার সম্ভাবনা দেখা দিলে শেয়ার বা বন্ডের তুলনায় বিনিয়োগ হিসেবে সোনা কেনায় আগ্রহ বেড়ে যায়।

অন্যদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজারে আজ রুপার (স্পট সিলভার) দাম ০.৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৫.৪৭ ডলারে কেনাবেচা হচ্ছে, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *