বৈশ্বিক চাহিদা কমার পূর্বাভাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দরপতনের মুখে পড়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলে ১ ডলারের বেশি কমেছে। খবর রয়টার্সের।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে আসে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১.৯৭ ডলারে লেনদেন হচ্ছে।
তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক তাদের সর্বশেষ মাসিক প্রতিবেদনে ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদা প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে এনেছে। একই সময়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও (আইইএ) মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জোগান সংকট ও উচ্চমূল্যের প্রভাবে জ্বালানি ব্যবহারের হার কমবে বলে নতুন পূর্বাভাস দিয়েছে।
দরপতনের পেছনে আরও একটি বড় কারণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক তেলের মজুত বৃদ্ধি। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ৭ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রে তেলের মজুত ১ কোটি ৭৪ লাখ ব্যারেল বেড়ে মোট ৪২ কোটি ৪৪ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা ২০২৩ সালের জানুয়ারির পর এক সপ্তাহে সর্বোচ্চ বৃদ্ধি।
তবে বিশ্ববাজারে দরপতনের এই প্রবণতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইরান রাজনৈতিক মধ্যস্থতার স্থবিরতা এবং কৌশলগত হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজে সংঘাতের ঝুঁকি জ্বালানি তেলের দাম অতিরিক্ত কমে যাওয়াকে আটকে রেখেছে।