বিশ্ববাজারে এক দিনেই তেলের দাম বাড়ল ৫ শতাংশের বেশি

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ও ইরান-ওমানের মধ্যকার আলোচনা ঘিরে অনিশ্চয়তার জেরে আবার লাফিয়ে বেড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম। শুক্রবার (৭ আগস্ট) সকালে নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে প্রায় পৌনে ছয় শতাংশ পর্যন্ত বেড়েছে অপরিশোধিত তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার দিনের শুরুতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুডের’ দাম ব্যারেলপ্রতি ৭৯.০৮ ডলারে নামলেও দিনশেষে তা ৪.৪৭ ডলার বা প্রায় ৫.৭ শতাংশ বেড়ে ৮৩.৫৫ ডলারে থিতু হয়।

অন্যদিকে মার্কিন বেঞ্চমার্ক ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের’ (ডব্লিউটিআই) ৭৪.৬৯ ডলার থেকে বেড়ে দাঁড়ায় ৭৮.১৮ ডলারে। যা আগের পরিমাণের চেয়ে ৩.৪৯ ডলার বা প্রায় ৪.৭ শতাংশ বেশি।

প্রণালিতে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপে ইরানের নতুন আইনি প্রস্তাব নিয়ে উত্তেজনার পারদ চড়ায় বাজারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অবশ্য সাপ্তাহিক হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপথ নিয়ে অস্থিরতায় সার্বিকভাবে পুরো সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৭ শতাংশের বেশি কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *