বিশ্বকাপের হতাশা ফেলে পুরোনো ছন্দে নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে দুর্দান্তভাবে মাঠে ফিরলেন নেইমার। নিজ ক্লাবের হয়ে জোড়া গোল করেছেন এই তারকা। তার জোড়া গোলেও অবশ্য জয় পায়নি দল। ব্রাজিলিয়ান সিরি আ’র ম্যাচে চাপেকোয়েন্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। সান্তোসের পক্ষে দুটি গোলই নেইমারের পা থেকে এসেছে।

ম্যাচের ৩৬ মিনিটে নেইমারের গোলে লিড নেয় সান্তোস। বিরতির পর ৫১ মিনিটে সমতায় ফেরে চাপেকোয়েন্স। ৬২ মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। শেষদিকে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান নেইমার।

গোলের পাশাপাশি আক্রমণ গড়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ৬২টি পাসের মধ্যে ৪৮টি সফলভাবে সম্পন্ন করেন। প্রতিপক্ষের অর্ধে ৫৯টি পাসের মধ্যে ৪৫টিই ছিল সফল। এছাড়া দুটি কী পাস দেন তিনি।

চলমান ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন নেইমার। পাশাপাশি তৈরি করেছেন ১৯টি কী পাস, নিয়েছেন ৩০টি শট, যার ১২টি ছিল লক্ষ্যে। পেনাল্টি থেকেও শতভাগ সফল নেইমার, দুটি সুযোগ থেকেই গোল করেছেন।

এই ড্রয়ে ২০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে রয়েছে সান্তোস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *