বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে  দিচ্ছে : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপির কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাঁচ কোটি মানুষ হ্যাঁ ভোটে সমর্থন দিলেও বিএনপি গণভোটকে উপেক্ষা করছে।  বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। 

আজ শুক্রবার (২৪ জুলাই) দুপুরে জেলা শহরের আল হেলালে জেলা জামায়াত কার্যালয়ে উপজেলা পর্যায়ে জামায়াত কর্মপরিষদ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। 

নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *