বাংলাদেশ সফরে কী আসবে ভারত?

দুই বছর হলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। গত বছর আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌছেছে। যার প্রভাব পড়েছে আইসিসি নির্ধারিত দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজেও।

আইসিসির এফটিপি অনুযায়ী, গত বছর আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু নিরাপত্তার অজুহাতে চলতি বছরের আগস্ট পর্যন্ত সেই সফর পিছিয়ে দেয় ভারত। নতুন সূচি নিয়েও অনিশ্চিয়তা কাটেনি। ভারতের পক্ষ থেকে এ বছরের সফর নিয়েও এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশ সফরের সিদ্ধান্ত এখন শুধু বিসিসিআইয়ের অধীনে নেই। নিতে হবে সরকারের অনুমতি। দ্রুতই সরকারের অনুমতির জন্য আবেদন করবে বিসিসিআই।

বিসিসিআইয়ের সূত্রটি ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকারে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের ক্ষেত্রে অনুমতি চাওয়া হবে। এই পর্যায়ে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা শিগগিরই সরকারের কাছে আবেদন করব।’

বিসিসিআইয়ের সেই সূত্র জানিয়েছে, এ বিষয়ে বিসিবি থেকে ইতোমধ্যে বিসিসিআইকে চিঠি পাঠানো হয়েছে। প্রস্তাবিত সিরিজের ব্যাপারে দুই দেশের বোর্ডই সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। দ্রুতই একটি সিদ্ধান্ত আসবে বোর্ড।

এই সিরিজের জন্য বিসিবি ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একটি সূচি নির্ধারণ করেছে। সংশোধিত সূচি অনুযায়ী, তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে দুই দেশের।

প্রস্তাবিত সূচী অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ভারতীয় দলের বাংলাদেশে পৌঁছানোর কথা। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ওডিআই ম্যাচগুলো। আর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ। তবে, পুরো সফরটিই ভারত সরকারের নির্দেশনা ও অনুমোদনের ওপর নির্ভর করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *