পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোণাক্রিতে ভারি বর্ষণের পর বিশাল বর্জ্যের স্তূপ ধসে পড়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) দিনগত রাত ২টার দিকে গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্য অপসারণ কেন্দ্রে এই মর্মান্তিক ভূমিধসের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির সরকার জানিয়েছে, রাতভর মুষলধারে বৃষ্টির কারণে ময়লার সুবিশাল স্তূপ ধসে পড়ে পাশের বহু কাঁচা ঘরবাড়ি ও টেন্ট ধসে যায় এবং বাসিন্দাসহ তলিয়ে যায়। এ ঘটনায় ৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আরও ১৬ জন সামান্য আঘাত পেয়েছেন। ঘটনাস্থলে এক্সকাভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গিনির প্রধানমন্ত্রী আমাদৌ ওউরি বাহ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং সবাইকে শান্ত থেকে উদ্ধারকারীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
উল্লেখ্য, অতিরিক্ত ঝুঁকির কারণে ওই ময়লার ভাগাড় বন্ধ করে অন্যত্র স্থানান্তরের জন্য গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু স্থানান্তর সম্পন্ন হওয়ার আগেই এই ভয়াবহ বিপর্যয় ঘটল। খনিজ সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও অবকাঠামোগত দুর্বলতা ও দারিদ্র্যের কারণে দেশটি প্রায়ই বর্ষাকালে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে।