হাইতিতে রাতভর গ্যাংয়ের হামলায় নিহত ৩০

ক্যারিবীয় দেশ হাইতিতে রাতভর গ্যাংয়ের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী পোর্ট-অফ-প্রিন্সের কাছের কেনসকফ নামক একটি কৃষি এলাকায় সশস্ত্র সন্ত্রাসী জোট এই নৃশংস হামলা চালায়। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের প্রস্তুতির মধ্যেই এই রক্তপাতের ঘটনা ঘটল।

কেনসকফের মেয়র জ্যাঁ মাসিলন জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়িঘরে আগুন দেয় এবং সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে। দুর্বৃত্তরা স্থানীয় একটি গির্জা ও বিখ্যাত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জ্যাঁ উইলিয়াম পাপের বাড়িতেও হামলা চালিয়েছে। মেয়র এই ঘটনার জন্য ‘ভিভ আনসাম’ নামের একটি চরমপন্থি গ্যাং জোটকে দায়ী করেছেন।

রাজধানী পোর্ট-অফ-প্রিন্সের প্রায় ৭০ শতাংশ এলাকা এখন সশস্ত্র গ্যাংদের দখলে রয়েছে। কেনসকফ এলাকাটি সরকারি অস্থায়ী কার্যালয় ও বিদেশি দূতাবাসগুলোর প্রবেশপথে হওয়ায় সন্ত্রাসীরা বারবার সেখানে হামলা চালাচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, হাইতিতে গ্যাং সহিংসতার কারণে এ পর্যন্ত ১৫ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। চলতি বছরের প্রথম ছয় মাসেই গ্যাং হামলায় তিন হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *