বরগুনার তালতলীতে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ ও চিহ্নিত মাদক কারবারি আলামিন এবং তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র তালতলী বাজারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ভুক্তভোগী সাধারণ জনতা অংশ নেন।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আলামিন ও তার সশস্ত্র সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তালতলী ও পার্শ্ববর্তী এলাকায় অবাধে মাদক কারবার পরিচালনা, চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যেই তাদের তুলে নিয়ে গিয়ে গোপন আস্তানায় বর্বরোচিত শারীরিক নির্যাতন চালানো আলামিনের নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
অবিলম্বে আলামিন ও তার অপরাধী চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন—প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখাসহ সর্বাত্মক কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন এলাকাবাসী।