চুয়াডাঙ্গায় অবৈধভাবে সার ও কীটনাশক মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গায় সরকারি বিধিমালা অমান্য করে অবৈধভাবে রাসায়নিক সার মজুত এবং অননুমোদিত কীটনাশক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানকালে ৫৬ বস্তা রাসায়নিক সার ও বিপুল পরিমাণ অননুমোদিত কীটনাশক জব্দ করা হয়েছে। 

সোমবার (১২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর  উপজেলার মোমিনপুর ইউনিয়নের বোয়ালমারী গ্রামে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম সোহাগ মিয়া। তিনি মোমিনপুর ইউনিয়নের আবু বক্কর মাস্টারের ছেলে এবং স্থানীয় ‘সোহাগ স্টোর’-এর স্বত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী বাজারে সোহাগ স্টোরে অভিযান চালিয়ে দেখা যায়, সরকারি কোনো অনুমোদন বা ডিলারশিপের বৈধ কাগজপত্র ছাড়াই বিপুল পরিমাণ সার গুদামজাত করা হয়েছে। পাশাপাশি অননুমোদিত বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রদর্শন ও বিক্রি করা হচ্ছিল। পরে ‘সার ব্যবস্থাপনা আইন’ ও সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ব্যবসায়ী সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ৫৬ বস্তা সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে এবং তা ন্যায্য মূল্যে স্থানীয় প্রকৃত কৃষকদের মাঝে উন্মুক্তভাবে বিক্রির সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম জানান, স্থানীয় বাজারে কৃত্রিম সার সংকট তৈরি করা এবং কৃষকদের প্রতারিত করে বাড়তি মুনাফা লোটার অসৎ উদ্দেশ্যে এসব সার অবৈধভাবে মজুত করা হয়েছিল। সারের বাজার স্থিতিশীল রাখতে, কোনো ধরনের অসাধু সিন্ডিকেটের মজুতদারি রুখতে এবং প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এই কঠোর তদারকি ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *