ফুটবল কুড়াতে নদীতে নেমে তলিয়ে গেল যুবক

লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদীতে পড়ে যাওয়া ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে মো. মিলন (৪০) নামে এক যুবক তীব্র স্রোতে তলিয়ে গেছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে এ দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশ চেষ্টা চালালেও শনিবার (১৫ আগস্ট) সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মিলনকে কোথাও পাওয়া যায়নি। 

নিখোঁজ মিলন একই উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।

নৌ-পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মিলনসহ তাদের ৪২ জন বন্ধু মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যায়। চরে তারা ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। নদী থেকে ফুটবলটি উদ্ধারে নামে মিলনসহ চারজন৷ তখন নদীতে জোয়ার শুরু হয়। ফলে তীব্র স্রোত আর ঢেউয়ের তোড়ে মিলন নদীর গভীরে তলিয়ে যায়৷ তার সঙ্গে থাকা বাকি তিনজন চরে উঠে আসতে সক্ষম হয়। অমাবস্যার প্রভাবে গত কয়েকদিন ধরে নদীতে স্রোতের তীব্রতা বেশি ছিল। 

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন তলিয়ে গিয়েছে। চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের ফায়ারসার্ভিস, কোস্টগার্ড ও নৌপুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *