ফরিদপুরে ফয়সাল হত্যা মামলায় তিন জনের ফাঁসির আদেশ

ফরিদপুর পৌরসভার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কাঁচামাল ব্যবসায়ী মো. ফয়সাল শেখ হত্যা মামলায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরের দিকে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বদিউজ্জামান এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় তিন ফাঁসির আসামির মধ্যে একজন উপস্থিত ছিলেন।

আসামিরা হচ্ছেন— চাঁন সরদার, মো. বাবুল আকন্দ ও তারা সরদার। এদের মধ্যে মো. বাবুল আকন্দ আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন। এই মামলার আরেক আসামি মো. শাহিন মারা গেছেন। মামলায় মোট আসামির সংখ্যা ছিল চার জন।  

আদালত সূত্র ও মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর ২০১২ সালে শহরের শরীয়তুল্লাহ বাজারের কাঁচামাল ব্যবসার দ্বন্দ্ব নিয়ে হত্যাকারীদের সাথে ফয়সালের দ্বন্দ্ব হয়। ‌এই দ্বন্দ্বকে কেন্দ্র করে আসামিরা ফরিদপুর মেডিকেল কলেজের এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে মো. ফয়সাল শেখকে পূর্বপরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। মামলার প্রধান আসামি মৃত মো. শাহিন পিছন দিক থেকে এসে মো. ফয়সালের পিঠে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার মা ফিরোজা বেগমের কাছে ফয়সাল সকল ঘটনা বর্ণনা এবং আসামিদের নাম বলে যায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান জানান, আদালত এই হত্যা মামলার সাথে আসামিদের সংশ্লিষ্ট থাকার অপরাধে আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন। আমরা এই মামলায় রাষ্ট্রপক্ষ যথাযথ ন্যায়বিচার পেয়েছি। মামলায় চারজন আসামি ছিল। তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিন আসামির ফাঁসির আদেশ হয়েছে। আদালতে এক আসামি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *